হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে।কমবে তাপমাত্রাও। অসহ্য গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর। শুক্রবার দুপুর থেকেই হাওয়া বদল শুরু হল। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় জারি লাল সতর্কতা।
স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিও ঢের। শুক্রবার দুপুরে আকাশ কালো করে ঘণ্টা প্রায় ৭০ কিলোমিটার ঝড়ের দাপটে কার্যত তছনছ তিলোত্তমা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তাঘাট। কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল। তবে সবচেয়ে সমস্যায় পড়েছে গণপরিবহণ। ঝড়ের তাণ্ডবে মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে আপাতত শিয়ালদহ-বারাসত শাখায় বন্ধ ট্রেন চলাচল। এছাড়া শিয়ালদহ-ক্যানিং শাখাতেও রেল পরিষেবা ব্যাহত।
শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেডের একাংশ উড়ে গিয়েছে। কবি সুভাষে মেট্রো ট্র্যাকে গাছের ডাল পড়েছে বলে খবর। তবে আপাতত এই স্টেশন মেট্রো যাতায়াত করে না বলে কোনও সমস্যা হয়নি। কিন্তু এর জেরে দুপুরে ২০ মিনিটের জন্য গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল।