Flash News
Tuesday, February 24, 2026

করোনা আবহে পিছিয়ে গেল এই বছরের নিট পিজি পরীক্ষা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে গোটা বিশ্ব ওমিক্রন আতঙ্কে দিন কাটাচ্ছে। সেই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে করোনার নতুন প্রজাতি নিওকোভ, যা ওমিক্রনের থেকে আরও বেশি সংক্রামক এবং আরও ভয়ঙ্কর। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশে এই নতুন সংক্রামকের হদিশ মিলেছে। ভারতে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে যদিও বর্তমানে ভারতে কোভিড গ্রাফ নিম্নমুখী। ভারতে তৃতীয় ঢেউয়ের শুরুর দিকে রকেটের গতিতে বেড়ে চলেছিল করোনা। দেশের সমস্ত হাসপাতাল থেকে শুরু করে মেডিক্যাল কলেজগুলিতে হু হু করে আক্রান্ত হচ্ছিলেন ডাক্তার থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সেই সময় করোনা আক্রান্ত ডাক্তারদের শূন্যস্থান পূরণ করতে কেন্দ্রীয় সরকার মাঠে নামায় জুনিয়ার ডাক্তারদের, যাতে কোনোভাবে করোনা আক্রান্ত রোগীরা সঠিক পরিচর্যা পান। 
দেশের অনেক স্নাতক ডাক্তারি পড়ুয়া করোনা মোকাবিলার জন্য নিজেদের পড়াশোনা থেকে শুরু করে ইন্টার্নশিপ কিছুই করে উঠতে পারেনি। সেই সমস্ত জুনিয়ার ডাক্তারদের কথা মাথায় রেখেই এই বছরের নিট পিজি পরীক্ষা পিছিয়ে দিলো কেন্দ্র সরকার। তার কারণ ইন্টার্নশিপের অভাবে সেই সমস্ত এমবিবিএস স্নাতকের পড়ুয়ারা স্নাতকোত্তরের ভর্তির জন্য অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা বা নিটে বসতে পারবেন না। যদিও ইন্টার্নশিপ না করার পেছনে তাদের নিজেদের কোন ব্যাক্তিগত কারণ নেই।

ঠিক একই কারণে গত বছরের নিট পরিক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছিল। এই বছরের নিট পিজি পরীক্ষা শুরুর কথা ছিল ১২ই মার্চ কিন্তু বর্তমানে তা ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের আবেদনের ভিত্তিতেই হেলথ সায়েন্সের ডিরেক্টর জেনারেলের তরফ থেকে নিট পিজি পরীক্ষা আপাতত স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। 
এর আগে স্নাতকোত্তরের ভর্তির জন্য নিট পরীক্ষা পেছনোর দাবি জানিয়েছিলেন এমবিবিএস পড়ুয়ারা। তাদের দাবি দেশে এই অতিমারি পরিস্থিতিতে তারা করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত হয়েছিলেন, যার জন্য তারা ইন্টার্নশিপ করতে পারেননি। সেই কারণে তারা নিট পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রার্থী নন। কিন্তু এতে তাদের কোন দোষ নেই। দেশের অতিমারি পরিস্থিতিতে লড়াই করার জন্য তারা ঠিক করে পড়াশোনাও করতে পারেননি। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট চলতি বছরের স্নাতকের পড়ুয়াদের ইন্টার্নশিপ এবং কাউন্সেলিং দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News