Flash News
Tuesday, February 24, 2026

বিশ্বকাপে বিদায় ঘণ্টা কি বেজে গেল ইন্ডিয়ার !

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বকাপে বিদায় ঘণ্টা কি বেজে গেল ইন্ডিয়ার! 

২০২৩ বিশ্বকাপে ভারতের জয়রথ থেমেছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। আবার আজও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত থাকার রেকর্ড ভাঙল এই স্টেডিয়ামেই।

আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস। নিন্দুকেরা বলছে, সব কটা টিমই অপেক্ষাকৃত দুর্বল। ভারতীয় দল আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে দেখাক। 

সেই বড় দলের সামনে পড়তেই খেই হারিয়ে ফেলল ভারতীয় দল। ৭৬ রানে হার! তাও আবার টি-২০ ম্যাচে! এত বড় হারকে এক কথায় বিপর্যয় বলা চলে।

২ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ভারত তখন হারের আশঙ্কায় ভুগছে। যেন রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন জানসেন, রাবাডারা। গ্রুপ লিগে সুপারহিট ঈশান কিষান সাজঘরে ফিরেছেন ০ রানেই। ১ রানে আউট হয়ে ফিরলেন তিলক ভার্মাও। দেড় লাখি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন পিনপতনের শব্দ শোনা যাবে। সেখান থেকে অসম্ভব লড়াই শুরু করার চেষ্টা করছিলেন অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্য। ওই যে বিধি বাম ! তিন ম্যাচে টানা শূন্য করে আজ রানের মুখ দেখেছিলেন অভিষেক। ১৫ রানের মাথায় আউট হয়ে দলের চিন্তা আরও বাড়িয়ে দিলেন তিনি। তখনই যেন লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য।

সুপার–৮-এ ভারতের দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে–র বিরুদ্ধে এবং শেষ ম্যাচ ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ –এর বিপক্ষে। এই তিনটি ম্যাচই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি ভুলও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। আর সেই ঝুঁকিতেই এবার পড়ল টিম ইন্ডিয়া। সুপার এইটের প্রথম ম্যাচে হার। চাপ বাড়ল অনেকটাই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতে ভারত তুলল মাত্র ৩১ রান। সেখানেই হয়ত ম্যাচ অর্ধেক বেরিয়ে গিয়েছিল সূর্যদের হাত থেকে। সুন্দর (১১) থেকে হার্দিক (১৮), কেউই ১৮৭ রানের লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে মানসিকভাবে তৈরী ছিলেন না। ৮৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে একসময় ১০০ রানও না তুলতে পারার আতঙ্কে ভুগতে শুরু করে ভারতীয় দল।

 শিবম দুবে ৩৭ বলে ৪২ রানের ইনিংসের বদান্যতায় ভারত ১০০র গণ্ডি পেরোল। অবশেষে ১৯ তম ওভারে ভারতের বিজয়চাকা থামল ১১১ রানে। ৭৬ রানের বিশাল জয় পেল দক্ষিণ আফ্রিকা। ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। ২৪ রান দিয়ে ৩ উইকেট পেলেন কেশব মহারাজও। ম্যাচের সেরা ডেভিড মিলার।

ফাইনালের বদলা সুপার এইটে। ব্যাটিং হোক বা বোলিং, দুই বিভাগেই ভারতকে ধরাশায়ী করে শোচনীয় হার উপহার দিল প্রোটিয়ারা। টানা ১২ ম্যাচ জেতার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের মুখ দেখলেন সূর্যরা। সুপার এইটের প্রথম ম্যাচে ভারতকে শুধু ৭৬ রানেই হারাল না, রান রেটের দিক থেকেও পিছিয়ে দিল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা আন্তর্জাতিক ক্রিকেট দেশ
Related News